কালীগঞ্জে প্রায় দুই মাসেও চেয়ারে বসতে পারছেন না প্রথম নারী পিআইও

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) আবুল কালাম আজাদ বদলীর আদেশে স্ট্যান্ড রিলিজ হলেও অব্যাহতি নেননি প্রায় দুই মাস। নতুন কর্মকর্তা মোছা: নায়েমা তাবাচ্ছুম শাহ এসেও যোগদান করতে পারছেন না। স্ট্যান্ড রিলিজের আদেশকে উপেক্ষা করে নিজ পদে থেকে এখন পেয়েছেন ডবল দায়িত্ব।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কালীগঞ্জে যোগদান করেন। আওয়ামীলীগ ও অন্তর্বর্তী সরকার পার করে এখন তিনি বিএনপি সরকারে আছেন। গত ১৩ এপ্রিল আবুল কালাম আজাদকে সিলেটের ওসমানী নগর উপজেলায় বদলী করা হয়। একই আদেশে চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: নায়েমা তাবাচ্ছুম শাহকে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। ১৩ এপ্রিল ২০২৬ তারিখে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক( প্রশাসন-১) তাসনুভা নাশতারান ( উপসচিব) স্বাক্ষরিত ৯ কর্মকর্তার এই বদলীর আদেশে উল্লেখ করা হয়, বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে ২০ এপ্রিল বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত ( স্ট্যান্ড রিলিজ) হয়ে যাবেন। এই আদেশের পর কালীগঞ্জে নতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: নায়েমা তাবাচ্ছুম শাহ যোগদান করতে আসলেও যোগদান করতে দেয়া হয়নি। অবশেষে তিনি গাজীপুর জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত হয়ে কালীগঞ্জে যোগদানের অপেক্ষায় বসে আছেন। আর স্ট্যান্ড রিলিজের আদেশ অমান্য করে আবুল কালাম আজাদ কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি কাপাসিয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বও পালন করছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার বদলীকৃত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেছেন, তার বদলীর আদেশ বাতিলের অপেক্ষায় আছেন তিনি।

বিষয় সম্পর্কে জানতে কালীগঞ্জ উপজেলার নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: নায়েমা তাবাচ্ছুম শাহকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

গাজীপুর জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো: আওলাদ হোসেন বলেন, কালীগঞ্জ উপজেলার নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: নায়েমা তাবাচ্ছুম শাহ আমার কার্যালয়ে আছেন। মৌখিকভাবে আমার উর্ধতন কর্মকর্তার নির্দেশ থাকায় আবুল কালাম আজাদ কালীগঞ্জে বহাল আছেন। তবে এই বিষয় নিষ্পত্তি হওয়ার মত নতুন কোন প্রজ্ঞাপন হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *