গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গীর সরকার পরিবারের সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ্উদ্দিন সরকারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে গ্রেড-২ পদ মর্যাদায় নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের পর সরকার পরিবার সহ টঙ্গীতে আনন্দের জোয়ার বইছে।
জানা যায়, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে ১২জন বিএনপি নেতাকে বিভিন্ন পদে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে গ্রেড-২ পদমর্যাদায়। এর মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের প্রবীন সদস্য আলহাজ্ব সালাহ্উদ্দিন সরকার।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন সরকার ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদেও প্রার্থী হতে চেয়েছেন তিনি। ২০২৬ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এই নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর টঙ্গীর সরকার পরিবারের কোন সদস্য বড় কোন পদও পায়নি। এই প্রথম গ্রেড-২ পদ মর্যাদায় সালাউদ্দিন সরকার নিয়োগ পেলেন। তিনি ২০০৪ সাল থেকে টঙ্গীর নিউ মন্নু ফাইন কটন মিলস ও নিউ মেঘনা টেক্সটাইল মিলস লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে জুলাই আন্দোলনে তিনি রাজপথে থেকে আন্দোলন করেছেন।
এদিকে টঙ্গীর সালাউদ্দিন সরকারকে বড় পদে নিয়োগ দেয়ায় টঙ্গীতে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য পোস্ট করে মানুষ অভিনন্দন জানাচ্ছেন। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করা হচ্ছে।

