মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

Slider সারাবিশ্ব

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় থাকা মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ‌‌‘‘আমি এইমাত্র পাকিস্তানে ইরানিদের সঙ্গে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি।’

সফর বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, প্রচুর কাজ পড়ে আছে! এছাড়াও তাদের (ইরানের) ‘নেতৃত্বের’ মধ্যে চরম অন্তর্কোন্দল এবং বিভ্রান্তি বিরাজ করছে। এমনকি তারা নিজেরাও জানেন না, এখন তাদের দায়িত্বে কে আছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব সুযোগ রয়েছে, তাদের হাতে কিছুই নেই! তারা যদি কথা বলতে চায়, তাহলে তাদের কেবল একটি টেলিফোন কল করলেই হবে।

‘‘কিছু না বলে বসে থাকার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইট আর নয়।’’

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘সব কার্ড এখন আমাদের হাতে। তারা চাইলে যেকোনও সময় আমাদের কল করতে পারে। কিন্তু কোনও ফলপ্রসূ আলোচনা ছাড়াই ১৮ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বসে থাকার জন্য আর কোনও ফ্লাইট হবে না।’’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেছে। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর পাকিস্তান ত্যাগ করেন তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আব্বাস আরাঘচির সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান।

এক্সে শেহবাজ শরিফ লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হয়েছে। আমরা পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

সূত্র: বিসিবি, আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *