গাজীপুর: আজ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি পদে মনোনয়ন ঘোষণা করেছে সরকারী ও বিরোধী দল। এর মধ্যে গাজীপুরে বিএনপির কোন মহিলা এমপি পদে দলীয় মনোনয়ন পাননি। তবে জামায়াতে ইসলামী টঙ্গী থেকে নাজমুন নাহার নিলুকে দলীয় মনোনয়ন দিয়েছে।
সোমবার( ২০ এপ্রিল) এই তথ্য জানা যায়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য (প্রচার, সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি) নাজমুন নাহার নিলু। তিনি গাজীপুর মহানগরীর ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও গাজীপুর মহানগর মহিলা বিভাগের সেক্রেটারী ছিলেন। তিনি ছাত্রীসংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জামায়াতের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নাজমুন নাহার নিলু গাজীপুর সিটিকরপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড টঙ্গীর মধুমিতা এলাকার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স করেছেন তিনি। এক সময় গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত খালেদা রশিদ এডুকেয়ার নামের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতাও করতেন।
এদিকে বিএনপি থেকে গাজীপুরে কোন মহিলা নেত্রীকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তবে জামায়াতে ইসলামী টঙ্গীতে একজনকে মনোনয়ন দেয়ায় বিএনপিতে হতাশা ও জামায়াতের মধ্যে আনন্দ বিরাজ করছে।

