২০১৪ বিশ্বকাপে ব্রাজিলিয়ান গ্রেট রোনালদোকে ছাড়িয়ে যান মিরোস্লাভ ক্লোসা। জার্মানির লিজেন্ড ১৬তম গোল করে বিশ্বকাপের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসেন। নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন তিনি। চলতি বিশ্বকাপে ২৮তম ম্যাচ খেলতে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি।
ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মেসি সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন। ৩৮ মিনিটে তার করা গোলটি ছিল বিশ্বকাপে ১৭তম। পরে আরেকটি গোল করে সেই সংখ্যা ১৮-তে নিয়েছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার পাশে বসেন তিনি।
ছয় আসরে ১৮ গোল করা মেসিকে অভিনন্দন জানাতে সময় নেননি ক্লোসা। এক জার্মান সংবাদপত্রকে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন!’
মেসির কাছে রেকর্ড হারালে মন খারাপ করবেন না বলে আগে জানিয়েছিলেন ৪৮ বছর বয়সী সাবেক স্ট্রাইকার, ‘কোনো সমস্যা নেই। আজ হোক বা কাল হোক রেকর্ড ভাঙবেই। মেসি এটা ভাঙতে পারলে খুশিই হবো। আমি মেসির বড় ভক্ত, সবসময় ছিলাম। সে অবিশ্বাস্য।’
বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বমঞ্চে ১৮তম জয় পেয়েছেন তিনি। এছাড়া ক্লোসার (২০০২, ২০০৬ ও ২০১০) পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন আসরে চার বা তার বেশি গোল করলেন মেসি (২০১৪, ২০২২ ও ২০২৬)।

