ক্যাপশন( টঙ্গী পূর্ব থানার সামনে পশুর বাজারের প্রবেশপথে ঘাস, কাঠের টুকটো ও পশু খাদ্যের দোকান)
গাজীপুর: গাজীপুরের সবচেয়ে বড় পশুর হাট টঙ্গী থেকে গরুর ঘাস, মাংস কাটার কাঠের টুকরো ও পশু খাদ্য পিক-আপে করে লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল টঙ্গী পূর্ব থানার সামনে হলেও নজরে আসেনি।
আজ মঙ্গলবার( ২৬ মে) সকাল ৬ টায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী পূর্ব থানার সীমানা দেয়াল ঘেঁষে টঙ্গী-জয়দেবপুর রুটের হকের মোড়, সোনালী ট্যোবাকো রোড, মেঘনা রোড সহ প্রায় আটটি রোডে টঙ্গীর বৃহত্তর পশুর হাট বসেছে। বড় এই পশুর হাটের প্রধান ফটক আর টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকের দূরত্ব ২০/৩০ ফুট। পশুর হাটের প্রবেশপথের মূলফটকে কোরবানির পশুর খাদ্য, ঘাস ও মাংস কাটার টুকরো ( খাইট্টা) সহ নানা ধরনের পসরা সাজিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে একটি বড় পিক-আপে করে এক দল দূর্বৃত্ত এসে জোরপূর্বক পশু খাদ্যে, ঘাস ও কাঠের টুকরো নিয়ে যায়। মালামাল লুট হওয়ার পর আবার নতুন মাল এনে দোকান শুরু করেন তারা।
ঘাস ও পশুখাদ্য ব্যবসায়ী মোশাররফ হোসেন জানান, সকালে একটি পিক-আপে করে একদল দূর্বৃত্ত জোরপূর্বক আমাদের মালামাল নিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই তারা মালামাল নিয়ে চলে গেছে।
মাংস কাটার কাঠের টুকরো ব্যবসায়ী হামিজ উদ্দিন জানান, দিনের বেলায় থানার সামনে থেকে দূর্বৃত্তরা আমার দোকান লুট নিল। কেউ কিছু বলল না।
গরুর ভুষি ও শুকনো খড় বিক্রেতা বজলু মিয়া জানান, পিক-আপে ভরে আমাদের সব দোকানের মাল দিনের বেলায় নিয়ে গেলো। আমরা নিরাপত্তা সংকটে আছি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সেকেন্ড অফিসার উপপরিদর্শক ( এসআই) তুহীন বলেন, এই বিষয়ে কিছু জানিনা আমরা।
প্রসঙ্গত: গাজীপুর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় পশুর হাট টঙ্গী পূর্ব থানার দুই পাশে জয়দেবপুর- টঙ্গী রুটের আটটি রোডের মোহনায় অবস্থিত। গরুর হাটের কারণে ২২ মে থেকে এই রুট বন্ধ রয়েছে। এই হাট এক কোটি ৩১ লাখ ৪১ হাজার ৫২৭ টাকায় ইজারা দেয় গাজীপুর সিটিকরপোরেশন। বিগত সময়ের তুলনায় এই হাটের এবারের ইজারা মূল্য এক তৃতীয়াংশ। পশুর হাটের কারণে টঙ্গী- জয়দেবপুর রুটের আটটি রোড বন্ধ হয়ে গেছে। গাজীপুর সিটিকরপোরেশন এই ব্যবস্থা নেয়ার কথা মিডিয়ায় বললেও কোন পদক্ষেপ নেই।

