ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প, চলছে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’

Slider সারাবিশ্ব

ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ মে) নির্ধারিত ওই হামলা গুরুত্বপূর্ণ আলোচনার কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের নেতাদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে যেকোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

ট্রাম্প পরিকল্পিত হামলাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে তিনি মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যদি কোনো গ্রহণযোগ্য চুক্তি না হয়, তবে যেকোনো মুহূর্তে ইরানের ওপর একটি পূর্ণাঙ্গ ও বড় আকারের হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে।

যদিও এর আগে প্রকাশ্যে ১৯ মে হামলার কোনো পরিকল্পনার কথা জানাননি ট্রাম্প, তবে গত কয়েক সপ্তাহ ধরেই তিনি ইরানকে একাধিকবার সতর্ক করে আসছিলেন। সম্প্রতি তিনি মন্তব্য করেছিলেন, ‘ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না।’

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান আবারও উত্তপ্ত হয়ে উঠলেও কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক মিত্ররা উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা রাখছে।

ট্রাম্প তার পোস্টে জানান,কাতার, সৌদি আরব, এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইরান পরিস্থিতি নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু এবং শি জিনপিং-এর সঙ্গেও আলোচনা করেছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে, ইরান ইস্যু এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যদি নতুন কোনো সমঝোতা না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে পারে। তবে আপাতত কূটনৈতিক আলোচনা চলমান থাকায় সম্ভাব্য সংঘাত এড়ানোর সুযোগ এখনও রয়েছে।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *