গাজীপুর: গাজীপুরের টঙ্গী – কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তায় অটোরিকশার উপরে পড়ে গিয়ে শারমিন আক্তার(৪৮) নামে একজন স্কুল শিক্ষিকা নিহত ও তিন জন আহত হয়েছে। একই সময় একাধিক খুঁটি বিদ্যুৎ সঞ্চারিত অবস্থায় ভেঙে পড়ায় আতঙ্কও সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষিকা শারমিন আক্তার কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামের হাসান আলীর মেয়ে। তিনি তুমলিয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জানা যায়, টঙ্গী – কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া এলাকায় সম্প্রতি বিদ্যুতের নতুন খুঁটি প্রতিস্থাপন করা হয়। এই অবস্থায় বিকেলে শিমুলিয়া গ্রিডের সামনে হঠাৎ বিদ্যুতের ৪/৫ টি খুঁটি ভেঙ্গে সড়কের উপর ও আশপাশে পড়ে যায়। একটি খুৃঁটি একটি যাত্রীবাহী অটোরিকশার উপর পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী স্কুল শিক্ষিকা শিউলি আক্তার ঘটনাস্থলে মারা যায় ও অপর তিন যাত্রী আহত হয়। আহতদের বিস্তারিত নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, বিদ্যুতের একাধিক খুঁটি ভেঙ্গে পয়ায় শিমুলিয়া ও পূবাইল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অতঃপর বিদ্যুৎ কর্মীরা বিদ্যুতের লাইন পূর্ণ সংযোজনের চেষ্টা করছেন বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনা সঠিক। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

