মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অচিরেই ৫০ শয্যা হাসপাতাল ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। হাসপাতালের সেবার মান ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের শূণ্যপদ পূরণ করা হবে। এমআরআই সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে। বর্তমান সরকারের দেয়া স্বাস্থ্যসেবার সকল প্রকার সুযোগ সুবিধা দোরগোড়ার জনগোষ্ঠীর মাঝে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন। রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩রা মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মোন্তাজ উদ্দিন প্রমূখ।
এ সময় অন্যদের মাঝে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসা. আফরোজা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুন, মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বিথী রানী দাস, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন আকাশ, এনজিও প্রতিনিধি পলাশ হিউবার্ট গমেজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

