ক্যাপশন( কালীগঞ্জে আজ মঙ্গলবার বিকেলে নিজের বসতভিটা ফেরত চেয়ে সাংবাদিক সম্মেলন করেন বিধবা মাসুমা বেগম)
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ২০২২ সালে প্রতিপক্ষ কর্তৃক বিধবার বাড়ি ঘর ও দোকানপাটে হামলা করে জবরদখলের পর প্রতিপক্ষ তার স্বামীর মৃত্যুর পর নিজ জায়গায় লাশটাও দাফন করতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ন্যায় বিচার ও বসতভিটা ফেরত চেয়ে এক প্রতিবন্ধী সহ চার সন্তানের বিধবা মা সাংবাদিক সম্মেলন করেছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মৃত সিরাজুল ইসলামের বিধবা স্ত্রী মাসুমা বেগম এই সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে মাসুমা বেগমের পুত্র মো. মেহেদী হাসান শেখ, মো. আনানুর ইসলাম শেখ সাকিল, মো. মিনহাজুর রহমান শেখ ও মো. মাজহারুল ইসলাম শেখ, মাসুমা বেগমের বোন মোসা. হালিমা বেগম, মোসা. আলেয়া বেগম ও মোসা. সালমা বেগম উপস্থিত ছিলেন।
মৃত মো. সিরাজুল ইসলামের বিধবা স্ত্রী মাসুমা বেগম সংবাদ সম্মেলনে জানান, আমার স্বামী গত ৮ জুলাই ২০১০ইং তারিখে ৬০৩৯নং হেবার ঘোষণাপত্র রেজিষ্ট্রি দলিলমূলে স্ত্রীকে ২৭.৫০শতাংশ সম্পত্তি দান করেন। এরপর উক্ত সম্পত্তি নিজ নামে নামজারী ও জমাভাগ করে ১৫৩৯নং হোল্ডিং খোলে ১৪৩২ সন পর্যন্ত খাজনাদি পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি। ২০১৯ সালে আমার স্বামীর মৃত্যুর পর আমাদের জায়গায় লাশটাও দাফন করতে দেয়নি। এরপর বড়গাঁও গ্রামের ওমর ফারুকগং সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে আমাদের সাথে শক্রতা শুরু করে। আমি সম্পত্তি রক্ষার্থে বিগত সময়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কালীগঞ্জ থানা ও গাজীপুরের পুলিশ সুপার বরাবর আবেদন করেও অদৃশ্য কারণে কোন আইনী সহযোগীতা পাইনি। বরং ওমর ফারুক শেখ গং ২০২২ সনের ২১ অক্টোবর সকাল ১১ টায় ওমর ফারুক গং আমার বাড়ীতে প্রবেশ করিয়া বিভিন্ন প্রজাতির ৩৫/৪০টি গাছ কাটিয়া নিয়া যায়। সন্ত্রাসীরা আমার স্বামীর সময়ে ভাড়াটিয়াদের দোকান ঘর থেকে ভয়ভীতি দেখাইয়া দোকান ভাঙ্গিয়া নিয়া যায়। ২০২২ সালের ৩১ অক্টোবর সকাল ৭ ঘটিকায় পূনরায় ওমর ফারুক গং অজ্ঞাতনামা ৪০/৫০ জন সন্ত্রাসী নিয়ে বাড়ীতে প্রবেশ করে ইটের পাকা বাউন্ডারী ওয়াল ভেঙে আমার ঘর থেকে আমাকে ও আমার সন্তানদের মারধর করে বের করে দেয়। পরে আমার ঘরের আসবাবপত্র, টাকা-পয়সা, গহনা সহ সকল কিছু লুটপাট করিয়া নিয়া শেষে বসতবাড়ী ও টিনসেট বিল্ডিং দখল করে ঘরের মালামাল আগুনে পোড়াইয়া ফেলে। আমাদের সম্পত্তি জবরদখলে ওমর ফারুক গংদের বাধা দিলে তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মো. ওমর ফারুক শেখ গং আমাদের জমি জবর দখল করে তাতে ৭টি দোকান ঘর, একটি অফিস ও একটি কিন্ডার গার্টেন স্কুল নির্মাণ করিয়া ভাড়া দিয়া নিজেদের দখলে রাখিয়াছে। বর্তমানে আমি আমার এক প্রতিবন্ধী সহ চারজন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি।
সংবাদ সম্মেলনে ওমর ফারুক শেখ গংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর হস্তক্ষেপ কামনা করা হয়।

