গাজীপুর: ভেতরে বিদেশী বায়ার( ক্রেতা) থাকা অবস্থায় বাইরে ঝুট ব্যবসার জন্য আলোচিত মোটরসাইকেল মহড়ার ঘটনায় টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে হাজির হয়ে জবাব দিতে বলেছে কেন্দ্রীয় যুবদল।
সোমবার( ১৩ জুলাই) কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শোকজ প্রাপ্ত যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক।
শোকজ নোটিশে বলা হয়, আপনি, তৈরী পোশাক কারখানা এলাকায় পেশীশক্তি প্রর্দশনপূর্বক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিকট অভিযোগ উত্থাপিত হয়েছে।
এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু কারণ দর্শানো নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল বলেন, নোটিশ পেয়েছি। জবাব দিব।
২৮ জুন দুপুরে টঙ্গীর পাগার এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে একটি কারখানার ভেতরে বিদেশী বায়ার থাকা অবস্থায় বাইরে শতাধিক মোটরসাইকেলে অস্ত্রের মহড়া হয়। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হলে পুলিশ ১৭জনকে গ্রেপ্তার করে।
এদিকে ঘটনার পর মহড়ায় অংশগ্রহণকারী মামলার ৩ নম্বর আসামী ও ৪৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন বুলুকে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কার করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান বেপারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

