টঙ্গীতে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণ কারী তিনজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার

Slider ফুলজান বিবির বাংলা

গাজীপুর: গত ২৮ জুন টঙ্গী শিল্পাঞ্চলে ঝুট ব্যবসার জন্য কয়েকশত মোটরসাইকেলে অস্ত্রের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আজ বুধবার( ১ জুলাই) টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো: মানোয়ার হোসেন(২৮), একই এলাকার মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল ইসলাম সজিব(৩৫) ও টঙ মাদক বস্তি আমতলী কেরানীরটেক এলাকার মৃত বাবুল খার ছেলে রনি খা(৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার এলাকায় মোটরসাইকেলে অস্ত্রের মহড়া হয়। ঘটনাটি তদন্ত করে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

২৮ জুন বেলা ১১ টা ৫৭ মিনিটে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় ফাইজা বাটন এন্ড জিপার লিমিটেডে কয়েকশত মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এরপর ৮/১০ জনের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে কারখানার এডমিন অফিসার আল আমিনকে তাদের অনুমতি ছাড়া ঝুট না দেয়ার নির্দেশ দিয়ে চলে যায়। এসময় কারখানার ভেতরে বায়ার ছিল। এই ঘটনা সিসিটিভি ফুটেজ ও ছবি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। কালের কন্ঠ প্রথম এই ঘটনার সংবাদ প্রচার করে। অতঃপর এই খবর অসংখ্য মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিও ও ছবিতে জনৈক কিশোরকে মুখোশপরা চালকের একটি মোটরসাইকেলের পিছনে বসে দেশীয় লম্বা অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এই তিনজন গ্রেপ্তারের পর পুলিশ অস্ত্র প্রদর্শনকারী কিশোর সহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ( জিএমপি) অতিরিক্ত কমিশনার ( ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ওই মহড়ায় অংশগ্রহণকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে। গতরাতে মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার ও মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *