গাজীপুরে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

Slider গ্রাম বাংলা


গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমিতে অবৈধ দখল উচ্ছেদের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারী। এ সময় দখলদাররা একটি গাড়ি ভাঙচুর করে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ ও গাড়ি চালক সোহেলসহ কয়েকজন মুজুরিভিত্তিক কর্মচারী।

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ২নং খতিয়ানভুক্ত বনভিাগের জমি দখল করে ঘর তুলছিলেন স্থানীয় দুলাল ও আরমান গং। খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই এলাকায় অভিযানের উদ্দেশে গেলে দখলদার দুলাল ও আরমান উচ্ছেদে বাধা দেন। একপর্যায়ে তাদের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান। এ সময় উচ্ছেদে ব্যবহার করা শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়ি ভাংচুর করে তারা।

পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন কুমার মালাকার বলেন, আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা এলাকা ছেড়েছেন। বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের হলে বা লিখিত অভিযোগ পেলে দোষীদের গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *