ফাইনালে মেসির বিপক্ষে খেলার স্বপ্ন স্প্যানিশ ডিফেন্ডারের

Slider খেলা


লিওনেল মেসির পায়ের জাদু দেখেই বড় হয়েছেন। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা তরুণ এখন স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসার নাম। চলতি বিশ্বকাপে স্পেনের হয়ে মূল একাদশে খেলছেন বার্সার এই তরুণ ডিফেন্ডার পাউ কিউবার্সি। তবে তার মনে লুকিয়ে আছে এক শৈশবের স্বপ্ন- বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির মুখোমুখি হওয়ার ইচ্ছা তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিউবার্সিকে জিজ্ঞেস করা হয়েছিল, স্পেন যদি নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যায়, তবে সমীকরণ অনুযায়ী ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে।

এমন কাল্পনিক ফাইনাল প্রসঙ্গে ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘এটি আমার জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হবে। প্রথমত, এর মানে দাঁড়াবে আমি বিশ্বকাপের ফাইনালে খেলছি এবং এটি জেতার একটা বড় সুযোগ। আর সেই ফাইনালটি যদি মেসির বিপক্ষে হয়, তবে সেটি হবে আক্ষরিক অর্থেই আমার শৈশবের স্বপ্নের বাস্তবায়ন।’

মেসির প্রতি নিজের এবং পরিবারের ভালোবাসার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার পুরো পরিবার জন্ম থেকেই বার্সার সমর্থক। ছোটবেলা থেকেই মেসি আমাদের সবার আইডল এবং রোল মডেল। আমি তার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি।’

বর্তমানে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জনে ভাসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তাকে বার্সায় স্বাগত জানাবেন কি না- এমন প্রশ্নে কিউবার্সি বেশ পেশাদার উত্তর দেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কেবল আমাদের বর্তমান দলের দিকেই মনোযোগী। আমাদের ফেরান তোরেস আছে, নতুন যোগ দেওয়া অ্যান্থনি গর্ডন আছে। দিনশেষে যে-ই আসুক তাকে স্বাগত, আর কেউ না আসলেও আমি আমার এই দল নিয়েই মরণপণ লড়ব। আমাদের দুর্দান্ত একটি দল রয়েছে।’

তবে আলভারেজকে সামলানো যে কতটা কঠিন, তা অকপটে স্বীকার করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার, ‘আমি অনেকবার তার মুখোমুখি হয়েছি। সে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া একজন খেলোয়াড়। তাকে মার্ক করা আসলেই কঠিন, বেশ সতর্ক থাকতে হয়।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। বার্সেলোনায় কিউবার্সির রক্ষণসঙ্গী রোনাল্ড আরাউহো খেলছেন উরুগুয়ের হয়ে। ক্লাব সতীর্থের মুখোমুখি হওয়া প্রসঙ্গে কিউবার্সি বলেন, ‘আমরা জানি উরুগুয়ে মাঠে কতটা লড়াকু মানসিকতা নিয়ে নামে। ওরা একেকজন যোদ্ধা। আরাউহোর সঙ্গে গ্রুপ ঘোষণার সময়ই কথা হয়েছিল যে আমরা একে অপরকে হারাতে চাই। তবে ইদানিং আমাদের কথা হয়নি। আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে, বলের পজিশন ধরে রেখে আক্রমণ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *