মাঠের পারফরম্যান্সে সমালোচকদের কড়া জবাব দেওয়ার রাতে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাস গড়ার পর লিওনেল মেসিকে নিয়ে করা এক সাংবাদিকের প্রশ্ন সরাসরি এগিয়ে যান এই পর্তুগিজ সুপারস্টার। তবে নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে মুখ খুলেছেন তিনি।
উজবেকিস্তানকে ৫-০ গোল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন সিআরসেভেন। সেখানে এক স্প্যানিশ সাংবাদিক লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সাম্প্রতিক ফর্ম টেনে প্রশ্ন শুরু করতেই তাকে থামিয়ে দেন রোনালদো। কোনো উত্তর না দিয়ে ক্ষুদ্ধ ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিয়ে অন্য এক সাংবাদিককে প্রশ্ন করার ইশারা করেন তিনি।
পরে অন্য এক প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দেন, ‘প্রশ্নের ওপর নির্ভর করছে আমি উত্তর দেব কি না, নয়তো আমি কোনো জবাব দেব না।’
অবশ্য একই সংবাদ সম্মেলনে বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছেন ৪১ বছর বয়সী এই ফরওয়ার্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে রোনালদো বলেন, ‘আমি ঠিক জানি না এর কী উত্তর দেব। এই প্রশ্নের আসলে খুব একটা অর্থ হয় না এই মুহূর্তে। তবে হ্যাঁ, যদি এমনটা ঘটে তবে সেটি হবে একদম দুর্দান্ত।’
কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ ড্র এবং রোনালদোর অফ-ফর্ম নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনা চলছিল। ম্যাচ শেষে ক্যামেরার দিকে তাকিয়ে রোনালদোর চিৎকার করে বলা ‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরে এসেছি) বার্তাটিই বলে দিচ্ছিল, কতটা চাপে ছিলেন তিনি। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়াতে তিনি বলেন, ‘এটি একটি কঠিন ও অন্ধকার সপ্তাহ ছিল। মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকেই হারিয়ে গেছি। কিন্তু আমি লড়ে গেছি, কারণ আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি।’
উজবেকিস্তানের বিপক্ষে এই জোড়া গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেনছেন রোনালদো। টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অবিস্মরণীয় ও একমাত্র বিশ্বরেকর্ড এখন তার দখলে। এছাড়া বিশ্বকাপে পর্তুগালের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা রোনালদো (১০টি)। তিনি কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন।

