কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

Slider ফুলজান বিবির বাংলা

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মাসুদা বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মিলন মিয়ার স্ত্রী মাসুদা বেগম ২০১৪ সালের ১৮ই মার্চ ২৪২২ নং ও একই বছরের ২০শে মে তারিখে ৪৩৭২ ও ৪৩৭৩ নং সাফ কাবলা ৩টি দলিলমূলে ১৯.২৫ শতাংশ জমি ক্রয়ের পর বসতবাড়ী নির্মাণ করে স্ব-পরিবারে বসবাস করছিলেন। প্রতিবেশি আইনউদ্দিনের পুত্র সামাদ মোল্লা, তার পুত্র আলামিন, জাকির হোসেনের পুত্র ফাহিম, মোমেনের পুত্র শফিকুল ও শহিদুল্লাহ, কাবিল খরাদির পুত্র আলী হোসেন ও আকরাম, আহাম্মদ আলীর পুত্র রাজা মিয়া, নাইব আলীর পুত্র মারুফ, সামাদ মোল্লার মেয়ের জামাই ফারুক, জাকির মোল্লার স্ত্রী ফেরদৌসি, সামাদ মোল্লার কণ্যা কহিনুর এবং উত্তর জামালপুর এলাকার ফিরোজ মিয়ার পুত্র আরিফ পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ৭টার দিকে অজ্ঞাতনামা আরো ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটাসহ ৪/৫টি মোটরসাইকেল এবং একটি ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো ন-১৯-৬৪১৬) নিয়ে মাসুদা বেগমের বাড়ীতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সামাদ মাসুদার কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে এবং অন্য সন্ত্রাসীরা তাকে এলোপাথারী মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীরা লাঠিসোটা ও লোহার রড দিয়ে ঘরের জিনিসপত্র ভাংচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় সামাদ মাসুদার ঘরের আলমিরার ড্রয়ার থেকে নগদ ৫ লাখ টাকা এবং তার পুত্র আলামিন আলমিরার ড্রয়ার থেকে সারে ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এছাড়াও ঘর নির্মাণের জন্য রাখা ৩ লাখ টাকা মূল্যের ৩ টন লোহার রড, স্ট্রিলের আলমারি, সুকেস, আলনা, ওয়ালটন ফ্রিজ, টেবিল, সিলিং ফ্যান, মিটসেফ, গ্যাসের চুলাসহ সিলিন্ডার, খাঁট, জামা কাপড়, মোবাইল ফোনসহ ঘরের ভিতরে থাকা প্রায় ৫ লাখ টাকার মালামাল ট্রাকে উঠিয়ে সামাদ মোল্লার বাড়ীতে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা শাবল, হামার ও হাতুড়ি দিয়ে মাসুদার সেমি পাকা টিনসেড ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে ঘরের টিন, দরজা, জানালাও সামাদ মোল্লার বাড়ীতে নিয়ে যায়।

৯৯৯ এ খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তর জামালপুর এলাকার ফিরোজ মিয়ার পুত্র আরিফের ট্রাকটি আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় মাসুদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৮(৬)২৬ নং মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সামাদ মোল্লা গং মাসুদা বেগমের সেমি পাকা টিনসেড ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। লুটের কাজে ব্যবহার করা একটি ট্রাক ও দুইটি মোটরসাইকেল আটক এবং লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকী মালামাল উদ্ধার ও আসামীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *