গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদের দিন পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন রনি মিয়া নামের এক যুবক। রোববার (৩১ মে) রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান হৃদয়।
এদিন বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় শিংজানী গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৫ বছর বয়সী রনি মিয়া ওই গ্রামের মোস্তা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন পরিবারের কাছে কিছু টাকা চেয়েছিলো রনি। না পেয়ে সেদিন নিজের রুমে ঢুকে কাপড়ে আগুন লাগিয়ে দেয় এবং টাকা না দিলে বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেন তিনি। এসবের এক পর্যায়ে রোববার দুপুরে গামছা দিয়ে বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রনি। পরে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
মরদেহ উদ্ধারে যাওয়া গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই আসাদুজ্জামান হৃদয় বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পরিবারের বরাতে তিনি জানান, অতিমাত্রায় জেদি ছিলো রনি। আপমানবোধ করতো সহজেই। রাগের কারণে নিজের ওপর অত্যাচার করতো সে। এসব কারণে এর আগেও তার নিজের হাতের তালুতে ব্লেড দিয়ে আরাআরিভাবে কাটা চিহ্ন রয়েছে বলেও জানান এসইআই হৃদয়।

