
ঢাকা, শুক্রবার, ১৫ মে,২০২৬ খ্রী: সাংবাদিকদের মৃত্যুর পরে সামাজিক মর্যাদায় দাফন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, দেশে বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণকারীদেরকেও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। আমাদের সমাজে সাংবাদিকরা জীবদ্দশায় নানা অন্যায়-অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লাগামহীন কলমযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। অথচ তাদের কোন সামাজিক মর্যাদা নেই। তাদের মৃত্যুর পর সামাজিক মর্যাদায় দাফনের দাবি করা হয়েছে, যেখানে সরকারি প্রশাসনের কর্তাব্যক্তিসহ সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করবেন ।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের গাছায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের জানাযা শেষে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংগঠনের পক্ষ থেকে এক বক্তব্যে তিনি এই দাবি করেন।
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সহসভাপতি ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে এম রিপন আনসারী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক আরিফ রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, দৈনিক একুশে বাণীর সম্পাদক আশরাফ সরকার, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসন থানা প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বিএমএসএফ নেতা মাজনুন মাসুদ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, কালিয়াকৈর থানা প্রেসক্লাবের সভাপতি এম কাজল খান, সভাপতি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাসুম রানা, ফাতেমা আক্তার।
সাংবাদিক নেতা হামিদ খান শুক্রবার সকাল ১১টার দিকে উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী, ভাইসহ গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম একজন দায়িত্বশীল নেতাকে হারালো। সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতবাসী করেন।
