গাজীপুর: আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করতে গিয়ে জব্দকৃত চোরাই গাড়ি আত্মসাৎ ও মাদক সেবনের অভিযোগে আলমগীর হোসেন নামে এক সহকারী উপ-পরিদর্শক(এএসআইকে) সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামী টঙ্গী পূর্ব থানায় থাকাকালীন সময়ে মাদকসেবন ও পূবাইল থানায় বদলী হয়ে জব্দকৃত চোরাই গাড়ি নিজের কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
বৃহসপতিবার(৭মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আলমগীর হোসেন একটি চোরাই প্রাইভেটকার জব্দ করে থানায় আনে। এরপর তিনি জব্দকৃত গাড়িটি নিজের জন্য ব্যবহার করতে শুরু করেন। এই সংবাদ পেয়ে পুলিশ সদর দপ্তর তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং আলমগীরকে সাময়িক বরখাস্ত করে। এই ঘটনায় পূবাইল থানায় গাড়ির মালিক শরিফ হোসেন পাটোয়ারী বাদী হয়ে বরখাস্তকৃত এএসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং মামলার আসামী হিসেবে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার পরিদর্শক(তদন্ত) আবু বকর সিদ্দিক।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আলমগীর টঙ্গী পূর্ব থানায় থাকাকালীন সময়ে মাদক সেবনের অভিযোগ আসে। সরকারীভাবে তার ডোপ টেস্ট করার আদেশ হলেও নানা টালবাহানা করে তিনি ডোপ টেস্ট করেননি। এই কারণে টঙ্গী পূর্ব থানা থেকে তাকে পূবাইল থানায় বদলী করা হয়। পূবাইল থানায় এসে তিনি একটি জব্দকৃত চোরাই প্রাইভেটকার নিজের কাজে ব্যবহার করে ফেঁসে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার মো: বেলায়েত হোসেন( ক্রাইম এন্ড অপস) জানান, সরকারী গাড়ি নিজের কাজে ব্যবহার করার অপরাধে এএসআই আলমগীরকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসেবন সংক্রান্ত অভিযোগও উড়িয়ে দিচ্ছেন না বলে জানান তিনি। এই ধরণের লোক সবই পারে বলে মন্তব্য করেন তিনি।

