
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অনুমোদন ছাড়াই কৃষিজমির মাটি কেটে বাঁধ নির্মাণের দায়ে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে ইভটিজিংয়ের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ড প্রদান করা হয়।
কালীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর মাহবুবুল ইসলাম জানায়৷ নাগরী ইউনিয়নের বিরুয়া এলাকায় ঊর্মি গ্রুপ নামের প্রতিষ্ঠান কৃষিজমির মাটি কেটে চারদিকে বাঁধ নির্মাণ করে ভেতরে বালু ভরাটের প্রস্তুতি নিচ্ছিল। সেখানে একটি রিসোর্ট নির্মাণের পরিকল্পনা ছিল। একইভাবে দারকা ভাঙ্গা এলাকায় আরবানা রিয়েল এস্টেট লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠান কৃষিজমিতে বালু ভরাটের উদ্দেশ্যে মাটি কেটে বাঁধ নির্মাণ করছিল। তবে কোনো প্রতিষ্ঠানই এ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় উভয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন ঊর্মি গ্রুপের প্রতিনিধি পিপুলিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আতিক (৪৮) এবং আরবানা রিয়েল এস্টেট লিমিটেডের প্রতিনিধি দারকা ভাঙ্গা এলাকার মরহুম আব্দুল লতিফের ছেলে মো. মাহবুবুর রহমান (৪৮)।
এদিকে একই দিনে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে নাজমুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত নাজমুল আলম কালীগঞ্জ উপজেলার উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
কালীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, কৃষিজমি রক্ষা ও সামাজিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
