মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত ১৬৪ কেজি বাগদা চিংড়ি জব্দ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

সাতক্ষীরায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬৪ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের এই চিংড়িগুলো পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি মাছ ট্রাকে করে রাজধানী ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সম্মুখ সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় ২টি ট্রাক ও ১টি নসিমন গাড়িসহ বিপুল পরিমাণ বাগদা চিংড়ি মাছ আটক করা হয়। পরে ব্যাটালিয়ন সদরে এনে মাছগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা করে ১৬৪ কেজি বাগদা চিংড়িতে ক্ষতিকর জেলি অপদ্রব্য পুশের প্রমাণ পান। জব্দ করা ১৬৪ কেজি চিংড়ির আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২ লাখ ৪৬ হাজার টাকা (প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা হিসেবে)। এ ছাড়া, দায়ীদের ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানের মোট সিজার মূল্য দাঁড়ায় ২ লাখ ৮৯ হাজার টাকা।

বিজিবি জানায়, মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় পর্ষদের উপস্থিতিতে ২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ১৬৪ কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে জেলি, অপদ্রব্য পুশবিহীন ২ হাজার ৫০০ কেজি বাগদা চিংড়ি, ২টি ট্রাক, ১টি নসিমন গাড়ি ও চালকদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *