ভোটকেন্দ্রে হওয়া সন্তানের নাম খালেদা জিয়া

Slider টপ নিউজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে গিয়ে প্রসব করা কন্যাসন্তানের নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া। আজ রবিবার বিকেলে নবজাতককে দেখতে এসেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ শিশু ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জেলা প্রশাসনের পক্ষ শিশুর জন্মসনদ, নগদ অর্থ, পরনের কাপড়, ফলমুল ও মিষ্টি প্রদান করা হয়।

নবজাতক শিশু বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামের আম্বিয়া খাতুন ও শরিফুল ইসলাম দম্পতির সন্তান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে কন্যাসন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। শিশু ও মা সুস্থ রয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল বলেই এই মা গর্ভবতী হয়েও কেন্দ্রে ভোট দিতে যেতে পেরেছেন।
সেখানেই সে সন্তান প্রসব করেন। এটা একটি ইতিহাস। তাই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেখতে এসেছি। বিভাগীয় কমিশনার স্যারও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

জেলা প্রশাসক আরো বলেন, ‘আমরা পরিবারটিকে প্রাথমিকভাবে কিছু সহায়তা করেছি এবং জন্ম সনদ তুলে দিয়েছি। পরবর্তীতে জেলা ও উপজেলা প্রশাসন আজীবন এই পরিবারটির পাশে থাকবে এবং সহায়তা করবে, যেন এই শিশু বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া নামে শিশুটির জন্ম সনদ দেওয়া হয়েছে।’

শিশুটির মা আম্বিয়া খাতুন বলেন, ‘আমরা বিএনপিকে ভালোবাসি। ভোট দিতে গিয়ে মেয়ের জন্ম হয়েছে।
তাই বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামেই মেয়ের নাম রেখেছি। এতে আমরা খুশি।’

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল আমিন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারীসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *