
গাজীপুর: ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অফিস খুলে নির্বাচনী কাজ করেছিলেন। ১৭ বছর পর এখন গভীররাতেও অফিসে বসে ভোটার স্লিপের কাজ করতে পারছেন বিএনপির নেতারা। ফজরের নামাজ কেন্দ্রে পড়ে ফল নিয়ে ঘরে ফিরবেন তারা।
বুধবার (১১ ফেব্রুয়ারী) রাত ১০ টায় গাজীপুর-৫ ( কালিগঞ্জ) আসনে এমন চিত্র দেখা গেলো একটি নির্বাচনী অফিসে।
বিএনপির নেতারা জানান, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে নিরাপদে নির্বাচনী কাজ করতে অফিস খোলতে পেরেছিলেন তারা। ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ না করলেও পুলিশের ভয়ে পালিয়ে থাকতে হয়েছে। ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও অফিস খুলতে পারেননি পুলিশের ভয়ে। ২০২৪ সালে ডামী নির্বাচনে বাড়ি ছাড়া ছিলেন সবাই। এবারই প্রথম রাতের বেলায়ও অফিস খুলে নির্বাচনী কাজ করতে পারছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন বিএনপির নেতা- কর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতে অফিস খুলে নির্বাচনী কাজ করা অবস্থায় কালিগঞ্জের জাঙালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জাকারিয়া হাসান খান টিটু জানান, ২০১৪ সালে সবাই পলাতক ছিলাম। এবার ইনশাল্লাহ রাতেও অফিস খুলে কাজ করতে পারছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা আহবায়ক সিরাজুল ইসলাম খান বলেন, তখন অফিস খুলতে পারিনি। আওয়ামীলীগ ও পুলিশ কাজ করতে দেয়নি। ২০২৪ সালে পালিয়ে থাকতে হয়েছে। । এবার ঝামেলা দেখছি না। নিরাপত্তার সমস্যা নেই। ভোটার স্লিপ ও পোলিং এজেন্টে নিয়োগের কাজ চলছে। সুষ্ঠু ভোটের আশা করি। নিরাপত্তা এরকম থাকলেই চলবে। তিনি বলেন, কেন্দ্রে ফজরের নামাজ পড়ব। ফল নিয়ে ঘরে যাব ইনশাল্লাহ।
