
গাজীপুর: মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে প্রতিষ্ঠিত টঙ্গীর এরশাদ নগরে এখন প্রায় ৫০ হাজার ভোটার। নিরুত্তাপ নির্বাচনে কোনঠাসা জাতীয় পার্টির এই দূর্গে হানা দিয়েছে ধানের শীষ। প্রার্থীর আগমনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সমর্থকেরা পেলেন চকলেট ও নিজের মেবাইলে প্রার্থীর সেলফি।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে টঙ্গীর এরশাদ নগরে এই ঘটনা ঘটে।
সরেজমিন জানা যায়, গাজীপুর-২ ( সদর- টঙ্গী) আসনে ধানের শীষের প্রার্থী এম মনজুরুল করিম রনি বিকেল ৩ টার দিকে টঙ্গীর এরশাদ নগরে প্রবেশ করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে এরশাদ নগরে প্রবেশের সময় নগরবাসী ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় রনি গাড়ি থামিয়ে সমর্থকদের মোবাইলে সেলফি তোলে ও চকলেট দিয়ে কৃতজ্ঞতা জানান।
জানা গেছে, হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে গাজীপুরের টঙ্গীতে নিজের নামে প্রতিষ্ঠিত করেছিলেন এরশাদ নগর। ৮টি ব্লকে ভাগ করে নাগরিক সেবায় তৎকালীন সময়ে আলোচিত নগরী করেছিলেন এরশাদ। সময়ের পরিক্রমায় জাতীয় পার্টি এখন কোনঠাসা। গাজীপুর সিটিকরপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এরশাদ নগরে প্রায় ৫০ হাজার ভোটার এখন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ না থাকায় ধানের শীষের প্রার্থী অনেকটাই ফুরফুরে। এই অবস্থায় আজ এরশাদ নগরে প্রবেশের সময় এই প্রার্থী পেলেন অনেকটাই বিজয়ের মত সংবর্ধনা। উৎসুক জনতাকে হাত নাড়িয়ে, সেলফি তোলে ও চকলেট ছিটিয়ে দিয়ে কৃতজ্ঞতা জানালেন ধানের শীষের প্রার্থী।
এসময় প্রার্থীর সাথে ছিলেন মনোনয়নপত্র প্রত্যাহার করা বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার সহ বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মীরা।
