
গাজীপুর: গাজীপুর-২ ( সদর – টঙ্গী) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল কাইয়ুম বলেছেন, ১৯৭১ সনে ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ২৪ সালে গণ-অভ্যুত্থানে কৃষক শ্রমিক জনতা অংশগ্রহণ করেছেন। বর্তমান সরকার সংস্কারের নামে কোটি কোটি টাকা খরচ করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মানুষকে আগুন দিয়ে পুঁড়ানো হচ্ছে, কবর থেকে লাশ তোলে আগুন দেয়া হচ্ছে। মা বোনদের ইজ্জত রক্ষা হচ্ছে না। তাই আগামী সংসদ নির্বাচনে বাসদের মই প্রতীকে ভোট দিয়ে একাত্তরের চেতনাকে প্রতিষ্ঠিত করতে হবে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশন রোডে গণসংযোগকালে অনুষ্ঠিত পথ সভায় তিনি এসব কথা বলেন।
কাইয়ুম বলেন, এখন ক্ষমতার লড়াই হচ্ছে। ধর্মের নামে রাজনীতি হচ্ছে। আমরা ছোটকালে ধর্মীয় যেসব বিষয় শোনেছি এখন সেগুলোর মিল পাচ্ছি না। ধর্ম ব্যবসায়ীরা নিজেদের মত করে ধমীয় ব্যাখ্যা দিচ্ছেন।
বর্তমান সরকারের সমালোচনা করে এই প্রার্থী বলেন, তারা বসে বসে অর্থের অপচয় করছেন। সংস্কারের নামে কোটি কোটি টাকার খরচ করছেন শুধু কারা ক্ষমতায় বসবে, এটা নিশ্চিত করার জন্য। সকলের জন্য শিক্ষা অবৈতনিক করার কথা বলে তিনি জানান, যাদের টাকা আছে তারাই শিক্ষা পাবে এটা হবে না। কৃষক শ্রমিক ও মেহমনি মানুষের পক্ষে ও বর্জুয়াদের বিরুদ্ধে সংসদে কথা বলার জন্য তিনি তার মই মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এসময় বাসদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস ও গাজীপুর জেলার সদস্য সচিব কমরেড রাহাদ আহমেদ সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাসদের এমপি প্রার্থী টঙ্গীর স্টেশন রোড, বিসিক ও পাগার নদী বন্দর সহ বিভিন্ন জায়গায় মই প্রতীকের গণসংযোগ করেন।
