
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের পিটুনিতে কৃষকদলের এক নেতার মৃত্যু হয়েছে। কালীগঞ্জে এক যুবক খুন হয়েছেন।
কৃষক দল নেতা হেলাল উদ্দিন (৫৫) কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
আরেক ঘটনায় নিহত ব্যাক্তি গাজীপুরের কালিগঞ্জ থানার শৈলাদি গ্রামের শরীফ সেখের ছেলে ইলিয়াস (৩২)। তিনি বিভিন্ন এলাকায় গভীর নলকূপ বসানোর কাজ করত।
জানা যায়, আজ রোববার সকাল ১১ টায়, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শহিদুল আলম বলেন, শনিবার (গতকাল) রাতে হেলাল উদ্দিন বাড়ি ফেরার পথে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে তার পেছন দিক থেকে পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ রোববার সকাল আনুমানিক ১০টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু জানান, “হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক কোটবাজালিয়া গ্রামের এক বাসিন্দা জানান, নিহতের ভাতিজার সঙ্গে বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে।
ওসি জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে গতকাল তার তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে, যোগ করেন ওসি।
এদিকে গাজীপুরের কালিগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার হয়েছে।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন সংলগ্ন কোরুইল্লারটেক ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একজন পুরুষ ব্যক্তির (২৫) এর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। অত:পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তী সময় পরিচয় পাওয়া যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। সুরতহাল প্রতিবেদনের পর আঘাতের বিষয় বলা যাবে।
