
গাজীপুর: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত বাবুল- টুলু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।
আজ সোমবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ও উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও এ এম আশরাফ হোসেন টুলু পরিষদ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলকে পরাজিত করে বিজয়ী হয়।
বিজয়ী সহসভাপতি কাজী সাইয়্যেদুল আলম বাবুল বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু বর্তমান সেক্রেটারি ও বিএনপি নেতা। পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র অভিনেতাও।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ। নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপ-পরিচালক (স্থানীয় সরকার), গাজীপুর জেলা প্রশাসন এবং মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (কামাল), সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আইনজীবী সমিতি। নির্বাচন কমিশনের সদস্য সচিব ছিলেন মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, ইউনিট লেভেল অফিসার, গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিট।
