দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

Slider বাংলার আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে একটু আগে (সন্ধ্যা সাড়ে ৬টা) তাকে (শিরীন শারমিন চৌধুরী) রিলিজ (মুক্ত) করা হয়েছে। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময়কার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

তবে আজ দুপুরে জামিন হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিনকে।

৭ এপ্রিল গ্রেপ্তারের পর তার দুদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পাশাপাশি তার পক্ষে জামিনের আবেদন করেছিলেন আইনজীবী। আদালত উভয়পক্ষের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অচেনা ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আহত আশরাফুল। সেই মামলার ৩ নম্বর আসামি শিরীন শারমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *