গাসিকের নির্বাহী প্রকৌশলী কারাগারে

Slider গ্রাম বাংলা

গাজীপুর: দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ ইব্রাহিম খলিল আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশেষ মামলা নম্বর ৭/২৩ ও মহানগর বিশেষ মামলা নম্বর ৮/২৫-এ চার্জশিটভুক্ত আসামি হিসেবে তিনি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে হাজিরা দিতে যান। এ সময় আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে ইব্রাহিম খলিলের ঘনিষ্ঠজন ও আইনজীবী সূত্র দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে সরকারি কাজে নিয়োজিত ছিলেন এবং নিয়মিতভাবেই আইনি প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। তারা জানান, মামলাটি এখনো বিচারাধীন এবং অভিযোগ প্রমাণিত হয়নি, তাই তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করার সুযোগ থাকা উচিত।
তাদের ভাষ্য অনুযায়ী, ‘এটি একটি চলমান আইনি প্রক্রিয়া। আমরা আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং আশা করছি, ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে। ইব্রাহিম খলিল সবসময় আইন মেনে চলেছেন এবং ভবিষ্যতেও আইনি লড়াই চালিয়ে যাবেন।’

দুদকের অভিযোগে বলা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অস্বাভাবিক ব্যাংক লেনদেনের বিষয়টি তদন্তে উঠে এসেছে। তবে এ বিষয়ে আসামিপক্ষের দাবি, সব লেনদেনের বৈধ ব্যাখ্যা রয়েছে এবং আদালতে যথাযথভাবে তা উপস্থাপন করা হবে।
গাজীপুর মহানগর কোর্ট ইন্সপেক্টর মোঃ আহসানুল্লাহ চৌধুরী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় পরবর্তী শুনানিতে নতুন তথ্য-উপাত্ত ও যুক্তিতর্কের ভিত্তিতে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *