তেলের জন্য কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ব্যাহত সেচ কার্যক্রম

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


রাজবাড়ীর কালুখালীতে শেখ ফিলিং স্টেশনে তেল নিতে এসে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়ছেন কৃষকরা। রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার মোহনপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

শেখ ফিলিং স্টেশনের সামনে দেখা যায়, কৃষকরা সারিবদ্ধভাবে তেলের ড্রাম ও পাত্র নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। অনেকেই অভিযোগ করছেন, ঘণ্টার পর ঘণ্টার লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী জ্বালানি তেল ডিজেল পাচ্ছেন না তারা।

স্থানীয় কৃষক মো. ইউনুস আলি বলেন, একে তো লোডশেডিং, তার ওপর ডিজেলচালিত পাম্প দিয়ে সেচ দিতে হয়। কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি, তবুও প্রয়োজন মতো তেল পাই না।

আরেক কৃষক মো. হোসেন আলি মন্ডল বলেন, লম্বা সিরিয়ালের পাশাপাশি তেল নিতে কৃষি অফিসারের স্বাক্ষর লাগছে। এতে করে আমরা আরও ভোগান্তিতে পড়ছি। জমিতে বীজ বুনেছি, কিন্তু সেচ দিতে পারছি না।

কৃষক মো. জিলাল শেখ বলেন, গাড়ি ভাড়া করে, কাজকর্ম বাদ দিয়ে তেল নিতে আসি। কিন্তু ঠিকমতো তেল না পেলে আমাদের ক্ষতি ছাড়া কিছুই হচ্ছে না। কৃষকদের দুর্ভোগ দেখার কেউ নেই।

এদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, তারাও সংকটের বাইরে নয়। নিয়মিত চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় তারা বিপাকে পড়েছেন। যতটুকু তেল আসে, তা দ্রুত শেষ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তেল পাওয়ার সঙ্গে সঙ্গে বিতরণ করা হচ্ছে।

এ অবস্থায় কৃষকরা দ্রুত পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, কৃষকরা যাতে তাদের সেচ পাম্প চালানোর জন্য পর্যাপ্ত ডিজেল পেতে পারে সে ব্যাপারে ফিলিং স্টেশন কর্তৃপক্ষদের বলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *