
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদে গেলো সরকারের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সেই ইউপি মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তবে এই মেম্বার তাকে চেয়ারম্যান না বলে প্যানেল চেয়ারম্যান ডাকতে বলেছেন। আর ইউএনও বলেছেন কহিনুর বেগম প্রশাসক। সাবেক জেলা প্রশাসকের এই পদে নিয়োগ দেয়াকে নতুন জেলা প্রশাসক বলেন, তাকে চেয়ারম্যান(চলতি দায়িত্ব) বলা যায়।
রবিবার ( ৫ এপ্রিল) এই সংবাদ নিশ্চিত হওয়া গেছে।
সরকারী আদেশ ও স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পলাতক থাকায় গেলো সরকার প্রথমে কালীগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তার বদলী হওয়ায় ইউপি মেম্বার কহিনুর বেগমকে প্যানেল চেয়ারম্যান করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। এরপর কহিনুরকে সরিয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা হয়। এই প্রশাসককে সরিয়ে গত ১৬ মার্চ গাজীপুর জেলা প্রশাসক কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ কহিনুর বেগমকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে একটি অফিস আদেশ জারী করেন। সেই আদেশ বলে কহিনুর বেগম আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। বর্তমানে তিনি প্রশাসক, না ভারপ্রাপ্ত চেয়ারম্যান, না চেয়ারম্যান পদে আসীন, তা অফিস আদেশে স্পষ্ট করা হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, নগরী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ অলিউল ইসলাম অলি আওয়ামীলীগের নেতা হওয়ায় ৫ আগষ্টের পর পালিয়ে যায়। চেয়ারম্যান পালানোর সময় নাগরী ইউনিয়নে কোন প্যানেল চেয়ারম্যান মনোনীত ছিল না। সম্প্রতি নাগরী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য (১ ২ ও ৩ নং ওয়ার্ড) কহিনুর বেগমকে প্যানেল চেয়ারম্যান-৩ হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। তিনি ইউনূস সরকারের সময় কিছু দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা কহিনুর বেগম বলেন, আমি ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার। গত সরকারের সময় একবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। এখন প্যানেল চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান পদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়ে কাজ করছি। চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও তাকে প্যানেল চেয়ারম্যান ডাকতে বলেছেন তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, কহিনুর বেগম নাগরী ইউনিয়নের প্রশাসক। তিনি প্যানেল চেয়ারম্যান।
সদ্য যোগদানকৃত গাজীপুর জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূইয়া বলেন, যেহতু তিনি চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তাহলে তাকে চেয়ারম্যান( চলতি দায়িত্ব) হিসেবে বলা যায়।
