কালীগঞ্জে মদ্যপ অবস্থায় অটোরিকশা চালিয়ে এসিল্যান্ডের গাড়িতে ধাক্কা, চালকের কারাদণ্ড

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে অটোরিকশা চালিয়ে একাধিক দুর্ঘটনা ঘটানোর পর এসিল্যান্ডের গাড়িতে ধাক্কা দেওয়ায় এক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত চালকের নাম মৃদুল দাস (৫২)। তিনি উপজেলার বালীগাঁও এলাকার মৃত মনিন্দ্র দাসের ছেলে এবং কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বালীগাঁও (ফাহিম গেইট এলাকা) এর বাসিন্দা।

জানা যায়, গতকাল বুধবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে প্রথমে দুটি রিকশাকে ধাক্কা দিয়ে উল্টে দেয়। পরে সেটি সরাসরি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িতে গিয়েও ধাক্কা দেয়। এতে দুই অটোরিকশার দুই যাত্রী আহত হয়। ঘটনার পর চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং স্বাভাবিকভাবে কথাবার্তাও বলতে পারছিলেন না। পরে তার দেহ তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকাসক্ত অটোচালক দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ফেলে আমার গাড়িতেও ধাক্কা দেয়। এসময় জনতা তাকে ধরে দিলে ভ্রাম্যমাণ আদালতে তার দন্ড হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *