গাজীপুর: বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলামের পরামর্শে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ড্যাব নেতা ডা. মাজহারুল আলম গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। একই সাথে তিনি হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আজ বুধবার তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন করেন।
হাসপাতালে বর্তমানে ২৭ জন হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগের বয়স ২ বছরের কম। প্রতিদিন গড়ে আরও ১৫ জন শিশু আউটডোরে চিকিৎসা নিচ্ছে। শিশুদের আইসোলেশনে রাখা হলেও ভেন্টিলেটর সাপোর্টের ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেন।
ডা. মাজহারুল আলম রোগী ও অভিভাবকদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ভেন্টিলেটর ও আইসিইউ সুবিধা বাড়ানোর অনুরোধও করেন।
এসময় তার সাথে জেলা ড্যাবের সদস্যসচিব সিনিয়র কনসালট্যান্ট ডা.খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সহযোগী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডা.শাহজাহান সিরাজ, সহযোগী অধ্যাপক ডা.খায়রুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এনামূল হক, হাসপাতালের আরপি ডা. কামরুল করিম, নার্সেস এসোসিয়েশন এর সভাপতি ও সাধারন সম্পাদক, হাসপাতাল কর্মচারী ইউনিয়নের ফার্মাসিস্ট আতাউর রহমান, টেকনোলজিস্ট রফিকুল ইসলাম মিরাজসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলামের সাথে ভেন্টিলেটরসহ, আই সি ইউর যাবতীয় প্রয়োজনীয়তার ওপর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

