গাজীপুর: গাজীপুর-২ আসনের সাংসদ এম মনজুরুল করিম রনি বলেছেন, ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করতে প্রধানমন্ত্রী আজ বন্ধের দিনেও অফিস করছেন। আপনারা ভোট দিয়েছেন বলেই প্রধানমন্ত্রী আপনার হাতের কালি মুছার আগেই প্রতিশ্রুতি পূরণ শুরু করেছেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-২ আসনের সাংসদ এম মনজুরুল করিম রনি এসব কথা বলেন।
ঈদের উপহার নিতে আসা নারী পুরুষদের উদ্দেশ্য রনি বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রী ঈদ উপহার পাঠিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন বলেই আমরা সরকারে এসেছি। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করছেন আপনাদের ভোটের কালি মুছার আগেই।
তিনি আরো বলেন, আগামী মাসের ১৪ তারিখ কৃষক কার্ড দেয়া হবে। ইতিমধ্যে সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন শুরু করেছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি মওকুফ করেছে। আস্তে আস্তে সরকার সকল প্রতিশ্রুতি পূরণ করবে ইনশাল্লাহ।
সকলের উদ্দেশ্য সাংসদ বলেন, গাজীপুর গার্মেন্টস অধ্যুষিত। তাই শ্রমিকেরা নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী বন্ধের দিনও অফিস করছেন। আপনারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।

