গাজীপুর: গাজীপুর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসক নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটাপন্ন। মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, চিকিৎসক সমাজ শুধু মানুষের চিকিৎসা সেবাই দেয় না, বরং দেশের যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্যও বহন করে।
ডা. মাজহারুল আলম বলেন, “দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
ইফতার মাহফিল পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহীম স্বপন, গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. আলী আকবর পলান, সদস্য সচিব ডা. মোঃ খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডা. শাহজাহান সিরাজ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. জুবাইদা, হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. খায়রুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, সহযোগী অধ্যাপক ডা. এবিএম সিদ্দিক, ডা. কামরুল করিমসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিকিৎসক নেতারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে মানবসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

