
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি এসকেভেটর (মাটি কাটার যন্ত্র) আটক করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তরগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৫০)–কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি এসকেভেটর আটক করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ওই ব্যক্তি কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
