গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়া মৃধা বাড়ি এলাকার আশরাফ হোসেনের ছেলে সজীব হোসেন (৪০) এবং একই এলাকার সাতানীপাড়ার বড্ড সরকারের ছেলে হাবিবুর রহমান বাপ্পি সরকার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে করমতলা খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার মুসা জানান, রাত ৯টার দিকে স্টেশন অতিক্রম করার সময় মালবাহী ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন এবং বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।
ঘটনার পর রেলগেটের গেটকিপার মনির ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি জানান, গেট নামিয়ে বাঁশি বাজিয়ে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা গেটের পাশ দিয়ে ঢুকে পড়লে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলগেটটি ত্রুটিপূর্ণ থাকায় ডান-বাম দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল ঢুকে পড়ে এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। দ্রুত রেলক্রসিংটি মেরামতের দাবি জানিয়েছেন তারা।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, রেলওয়ে আইনে ময়নাতদন্ত শেষে রেল পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে রেল পুলিশের পৌঁছানোর অপেক্ষা চলছিল।

