হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

Slider বাংলার মুখোমুখি


রাজধানীর হাজারীবাগ থানার হাজার হোটেলের গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ার শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। ওই শিক্ষার্থী ওই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। সে হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সাথে ভাড়া থাকতো।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

হত্যাকারীর নাম জানতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি জানান, আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *