
মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের ব্যবসায়ী আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার উদ্যোগে ২ হাজার পরিবারে পবিত্র রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে ইয়াছিন মিয়ার নিজ বাড়িতে শনিবার (২১শে ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম, বঙ্গবন্ধু, দক্ষিণ ভাদার্ত্তী, রূপগঞ্জের দাউদপুর, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া ও দালানবাজার এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ একসাথে করে উপহার সামগ্রী হিসাবে বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণের পূর্বে ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মুফতি আল-মামুন, শোয়েব আহমেদ, মাওলানা সানাউল্লাহ ও শাহা জালাল প্রমুখ। এসময় ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। ১০ বছর ধরে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব সামান্য লাঘব করার জন্য সাহায্য সহযোগিতা করে আসছি। আল্লাহ আমাকে যতটুকু অর্থ-সম্পদ দান করেছেন তা থেকে আমি আমার সামর্থমতো দান-ছদকা করছি। আমি চাই এলাকায় যারা ধনবান রয়েছেন তারাও যেন আমার মতো এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
