প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট)। পাশাপাশি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামকে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভা গঠন করেছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করা বিএনপি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। আর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
খলিলুর রহমান ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়।
অন্যদিকে, শামা ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য শামা বিগত সরকারের আমলে কূটনৈতিক অঙ্গনে দলটির হয়ে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

