
বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে, কোন রাতে সেহরি খেতে হবে, তা জানা যাবে আগামীকাল বুধবার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকেই বাংলাদেশে রোজা শুরু হবে আর বুধবার এশার নামাজের পর তারাবিহ অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০দিন পূর্ণ হবে এবং শুক্রবার রোজা শুরু হবে।
বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হবে। এরপর রোজা শুরুর তারিখ নির্ধারণ করবে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে চাঁদ দেখা গেলে সেই তথ্য জানাতে ফোন নম্বরও সরবরাহ করেছে তারা।
ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বর অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে সৌদি আরবের আকাশে আজ রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হবে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি)।
আজ মঙ্গলবার সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল বুধবার।
