গাজীপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড পাবেন নারী, মায়েরা ও বোনেরা। তাই বাপের বাড়ি যাওগা বলার দিন শেষ। তিনি আরো বলেন, বাবা ভান্ডারী লাইন ছাড়া চলে না রেলগাড়ি। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড দিতে হলে একজন কান্ডারী লাগবে। সেই কান্ডারীকে আপনাদের ভোট দিতে হবে, লাইন করে দিতে হবে যেন কার্ড দেয়া যায়।
আজ সোমবার(৯ ফেব্রুয়ারী) বিকেলে কালিগঞ্জ আর আর এম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিপন বলেন, গত দিনে আপনারা ভোট দিতে পারেননি। নিজেরাই এমপি হয়ে গত সরকার দেশ পরিচালনা করে লুটপাট করেছে। সারাদেশে কোন উন্নতি হয়নি। তারা আপনাদের ভোটে এমপি হননি বলেই উন্নয়ন না করে লুটপাট করেছে। তাই ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার বানাতে হবে। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর আপনারা ফজলুল হক মিলন কে ভোট দিলে মিলন মন্ত্রী হবে।
কালিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক হুসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও কালিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় আবেগঘন বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাহিন সহ স্থানীয় বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

