জনসভায় স্ত্রী সন্তান নিয়ে কেঁদে কেঁদে কসম করে প্রার্থী বললেন, সবাইকে ক্ষমা করে দিলাম

Slider বাংলার মুখোমুখি


ছবি: বক্তব্য রাখছেন গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন, পাশে তার স্ত্রী ও সন্তান

গাজীপুর: মাগরিবের নামাজের আগে আপনাদের সামনে কসম করে বলছি, ধানের শীষে ভোট দিলে আমি কোন দল দেখবো না। আমার নেত্রী সবাইকে ক্ষমা করে দিয়ে গেছেন, আমিও ক্ষমা করে দিলাম। প্রচারণার শেষ জনসভায় মঞ্চে স্ত্রী সন্তানকে পাশে নিয়ে এই অঙ্গীকার করেছেন গাজীপুর-৫ ( কালিগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

আজ সোমবার(৯ ফেব্রুয়ারী) বিকেলে কালিগঞ্জ আর আর এম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, আমি গুলিবিদ্ধ হয়েছি। ১১ বার কারাভোগ করেছি। কারাগারে থেকে মাকে হারিয়েছি। আমি নির্যাতিত। যারা আমাকে নির্যাতন করেছেন আমি তাদের ক্ষমা করে দিলাম। কারণ আমার নেত্রী বেগম খালেদা জিয়া তাদের ক্ষমা করে দিয়ে গেছেন। আমাকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। আমি বা আমার কোন কর্মী বেইনসাফী কাজ করবে না, ওয়াদা দিলাম।

কালিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক হুসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও কালিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *