ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

Slider সারাবিশ্ব


ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারের এই হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেছেন, ওয়াশিংটন আমাদের ওপর হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কোনও সম্ভাবনা নেই। তবে আমরা এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে হামলা চালাব। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‌‘স্বস্তিজনক’ চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাঘচি। তিনি বলেন, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি অবিচ্ছেদ্য অধিকার। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে তিনি প্রস্তুত রয়েছেন।

আরাঘচি বলেন, ‘‘(পারমাণবিক) সমৃদ্ধকরণ আমাদের অখণ্ড অধিকার এবং এটি চালু থাকতে হবে। বোমাবর্ষণ করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারেনি। আমরা সমৃদ্ধকরণ নিয়ে স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।’’

ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনও কোনো তারিখ নির্ধারিত হয়নি। তবে আলোচনা শিগগিরই হওয়া উচিত বলে উভয় পক্ষ একমত হয়েছে।

আরাঘচি বলেন, ‘‘বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি। তবে তেহরান এবং ওয়াশিংটন মনে করে, এই আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হওয়া উচিত।’’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘‘কখনোই আলোচনাযোগ্য নয়’’ বলেও সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনাযোগ্য নয়। কারণ এটি আমাদের প্রতিরক্ষার বিষয়।

এদিকে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মাঝে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *