কমলো সোনার দাম

Slider অর্থ ও বাণিজ্য

সোনার বাজারে বিরাজ করছে অস্থির অবস্থা। দাম ওঠানামার মধ্য দিয়ে চলছে বাজার। এমন অবস্থায় মধ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৯২৫ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। নতুন এই দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, বিশ্ববাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। দেশের বাজারে দাম কমানো হলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম শনিবার যে পতন হয়েছিল ওই অবস্থায় রয়েছে। রোববার আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ ছিল।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৯৩ ডলারে নেমে এসেছে; যা গতকাল ৫ হাজার ২০০ ডলারে ছিল। এর আগের দিন বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল দাম।

দেশের বাজারে সবশেষ বেঁধে দেওয়া দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।

এদিকে গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। বৃহস্পতিবার সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।

অপরদিকে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ভরিতে কমানো হয় ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে আসে। ওই দাম শুক্রবার ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *