গাজীপুর: গাজীপুরের টঙ্গী বিসিকে হঠাৎ খিঁচুনি উঠে দুই প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে গেছে। এর আগে সোমবার একই লক্ষনে হঠাৎ খিচুনি উঠে এক প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছিল। আজকের ঘটনায় দুটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারী) সকাল ৯ টার দিকে মেঘনা রোডের মা টাওয়ারে অবস্থিত গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও একই এলাকার আলম টাওয়ারে অবস্থিত ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
আজ সকাল ১০ টা পর্যন্ত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসা রোগীদের মধ্যে নয়নতারা, শেফালী, আকলিমা, মারজান, ফুলবানু, লিমা, শারমিন, আন্না, শিল্পী, নাজমুল, ডলি, আলী, মেহেদী, সুবর্ণা, মনোয়ারা, হৃদয়, মালেকা, লিজা, শেফালী, আসমা, মনিরা, নাসিমা, রিয়া, কিরন দাস, সুমা, শাহালম, নাদিয়া, জান্নাত, আমেনা ও মোরশেদা। এদের মধ্যে দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন রোগী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আলম টাওয়ারে অবস্থিত ব্রাভো অ্যাপারেল ম্যানুফেকচারার লিমিটেডের শ্রমিকে মো: রনি মিয়া ও আলামিন কে জানায়, সকালে মশা তাড়ানোর গ্যাস ছিটানো হয়। এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে একের পর এক শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়ে যায়, বমি করতে থাকে এবং মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। পাশের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের শ্রমিকেরা যেভাবে অসুস্থ হচ্ছে আমাদের গার্মেন্টসের শ্রমিকেরা একইভাবে অসুস্থ হচ্ছে বলে জানান তিনি।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ সুলতানা বলেন, এটা সাধারণত মশার ওষুধ ছিটানোর গন্ধ থেকে সৃষ্টি হয়েছে। এক দুজনের হওয়ার পর তাদের দেখাদেখি ওপর শ্রমিকদের একই অবস্থা হয়ে যাচ্ছে। এটা সাধারণত পেনিক অ্যাটাক।
ব্রাভো অ্যাপারেন্স কারখানার কর্মকর্তা খোরশেদ বলেন, শ্রমিক অসুস্থতার ঘটনায় আজকের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ কালের কন্ঠ কে বলেন, শ্রমিক অসুস্থতার কারণে প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ -২ এর পরিদর্শক (টঙ্গী জোন) আজাদ রহমান বলেন, ঘটনার পরপর সব শ্রমিক এমনিতেই চলে গেছে। কিছুক্ষণের মধ্যে অফিসিয়ালি ছুটি ঘোষণা করা হবে। আমরা কারখানার নিরাপত্তায় নিয়োজিত আছি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। তবে চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছি এখন।

