তিন দিনের সরকারি সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সফরের প্রথম দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন টোবগে। তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই থেকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী ২২-২৪ নভেম্বর ঢাকা সফর করবেন। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী। এ ছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছাড়াও সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরে দুই থেকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফরের প্রথম দিন ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ করবেন। পরে তাদের মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠক হবে। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুই শীর্ষ নেতা সার্ক ও বিমসটেক ফ্রেমওয়ার্কের আওতায় সহযোগিতা বাড়ানো, মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ভুটানের সহায়তা, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের সঙ্গে ভারত-চীন এবং ভুটানের সঙ্গে ভারত-চীনের সম্পর্ক, বহুপাক্ষিক ফোরামে বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির কথা ভুটানের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এ ছাড়া, চলতি সপ্তাহে জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রীর বিচারের প্রসঙ্গ এবং তার ভারতে অবস্থানের বিষয়ে টোবগেকে জানাতে পারেন ড. ইউনূস।

